ওয়ালটন বাংলাদেশের সম্পদ, গর্ব: মাশরাফি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ওয়ালটন বাংলাদেশের সম্পদ। ওয়ালটন আমাদের গর্ব। তারা দীর্ঘদিন ধরে ক্রেতাদের গুণগতমানের পণ্য ও সর্বোত্তম সেবা দিয়ে আসছে। ইলেকট্রনিক্স পণ্যে দেশের লিডিং ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।
সোমবার (২৫ নভেম্বর ২০১৯) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে রেফ্রিজারেটর, কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন ইত্যাদি পণ্যের উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন শেষে এসব কথা বলেন মাশরাফি।
দুপুরে কারখানায় পৌঁছালে মাশরাফি বিন মুর্তজাকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এবং রেফ্রিজারেটর বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী গোলাম মুর্শেদ, নির্বাহী পরিচালক উদয় হাকিম, আলমগীর আলম সরকার, ইউসুফ আলী ও আমিন খান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মোহসিন আলী মোল্লা প্রমুখ।
কারখানায় পৌঁছে মাশরাফি বিন মুর্তজা ওয়ালটনের সুসজ্জিত ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এরপর তিনি রেফ্রিজারেটর, কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন ইত্যাদি পণ্যের উৎপাদন প্ল্যান্ট ঘুরে দেখেন।